রংপুরে চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল, সেবা পাবেন মা ও শিশুরা
রংপুর নগরীর মাহিগঞ্জে নতুন করে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর সংস্কার শেষে হাসপাতালটিতে মা ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে হাসপাতালটির নতুন করে চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেবেন। পাশাপাশি প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে এখানে সিজারিয়ান অপারেশন চালু এবং হাসপাতালটিকে ২০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা এ হাসপাতাল থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা দেবেন। প্রতিদিন টিকাদান কার্যক্রমও পরিচালিত হবে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চেষ্টা চলছে। এটি বাস্তবায়িত হলে মাহিগঞ্জসহ আশপাশের এলাকার মানুষকে চিকিৎসার জন্য বাড়তি টাকা ও সময় ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হবে না।
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সিটি করপোরেশনের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালটি চালুর মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ এবং ডা. ইসমত নিগার স্বপ্নাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগে এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত ছিল। পরে রংপুর সিটি করপোরেশন হাসপাতালটি সংস্কার করে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল নামে পুনরায় চালুর উদ্যোগ নেয়। এর মাধ্যমে মাহিগঞ্জ ও আশপাশের এলাকার মা ও শিশুদের জন্য স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হলো।
























