৪ ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ ফুটবল, ছেলেদের পাশাপাশি খেলবে মেয়েরাও
আগামী ৪ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এবারের আসরে ছেলেদের পাশাপাশি অংশ নেবে মেয়েদের দলও। দুই বিভাগে ১০টি করে মোট ২০টি দল চারটি মাঠে শিরোপার লড়াইয়ে নামবে।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশের ফুটবল ও ক্রিকেট অঙ্গনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি সরকারের নীতিনির্ধারকরাও উপস্থিত ছিলেন।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, যুবসমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ডিএনসিসির এ আয়োজন সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।
টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন বলেন, তরুণদের মোবাইল গেম ও মাদক থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতে এ আয়োজন ভূমিকা রাখবে। শিশুদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করাও জরুরি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, অতীতে ডিএনসিসি কাপ থেকে অনেক ফুটবলার উঠে এসেছেন। ভবিষ্যতেও এ টুর্নামেন্ট থেকে নতুন প্রতিভা উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তবে শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও সমান গুরুত্ব দিতে হবে। এতে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ তৈরি হবে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটিতেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ফুটবল আবারও মানুষের প্রাণের খেলায় পরিণত হবে।
এবারের টুর্নামেন্টে ছেলেদের বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্সসহ মোট ১০টি দল।
অন্যদিকে মেয়েদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিংসহ ১০টি দল।
আয়োজকদের প্রত্যাশা, ছেলেদের পাশাপাশি মেয়েদের অংশগ্রহণে এবারের ডিএনসিসি কাপ তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























