ভোলায় যথাযথ মর্যাদায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোলা জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের সঞ্চালনায় শহর এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আগামী দিনেও দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। একই সঙ্গে জনগণের কল্যাণে দলীয় প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।



















