মুরাদনগর মিনি স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, নির্মিত হবে আধুনিক দুই তলা প্যাভিলিয়ন ভবন
কুমিল্লার মুরাদনগর উপজেলার ক্রীড়াঙ্গনে বড় সুখবর। দীর্ঘদিনের প্রত্যাশিত মুরাদনগর উপজেলা মিনি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৬ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সমাজকল্যাণ অবকাঠামো বিভাগের অনুমোদিত ব্যয় প্রাক্কলনে স্টেডিয়ামের মাঠ উন্নয়ন থেকে শুরু করে আধুনিক প্যাভিলিয়ন ভবন নির্মাণ, স্টিলের ছাউনি, ড্রেনেজ ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিস্তারিত পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী প্রকল্পের প্রথম ধাপে স্টেডিয়ামের ভূমি উন্নয়ন ও খেলার মাঠ উন্নয়নের কাজ করা হবে। এর মধ্যে দোআঁশ মাটি ভরাট, মাঠে ঘাস লাগানো, দুটি নেটসহ গোলপোস্ট স্থাপন এবং ১০ ইঞ্চি ইটের বিভিন্ন নির্মাণকাজ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ৭০ ফুট × ৪০ ফুট আয়তনের দুই তলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন নির্মাণ। ভবনটিতে পাইলিং ফাউন্ডেশন, নিচতলা, প্রথম তলা এবং তৃতীয় তলায় অফিস ও টয়লেট ব্লক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ভবনের সামনে ১০ ফুট প্রস্থের স্ট্যাম্পড প্লাজা নির্মাণ করা হবে, যা দর্শনার্থীদের চলাচল ও সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
স্টেডিয়ামকে আরও আধুনিক রূপ দিতে প্যাভিলিয়ন ভবনের ওপর স্টিলের ছাউনি নির্মাণ, এমএস পাইপ ও প্রোফাইল শিটের মাধ্যমে ছাদের কাঠামো তৈরি এবং ভবনের পাশে গ্যালভালুম ক্ল্যাডিংয়ের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের কাজও করা হবে। পাশাপাশি দর্শকদের বসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া প্রকল্পে প্যাভিলিয়ন ভবনের জন্য প্রয়োজনীয় ফার্নিচার সরবরাহ ও স্থাপন, স্টেডিয়ামে বৈদ্যুতিক সংযোগ স্থাপন এবং পুরো মাঠ ঘিরে আরসিসি ড্রেন ও সারফেস ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কাজ বাস্তবায়িত হলে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত হবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের প্রত্যাশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে মুরাদনগর উপজেলা মিনি স্টেডিয়াম একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে পরিণত হবে। এতে উপজেলার তরুণ খেলোয়াড়রা উন্নত পরিবেশে অনুশীলন ও বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের ক্রীড়া আয়োজনের সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






















