ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পলিত
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কীর্তন, পূজা-অর্চনা, উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে এ আয়োজন করা হয়। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মন্দিরে সমবেত হয়ে কীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য মাহাবুব আলম মিলনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।
শোভাযাত্রা শেষে শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও ধর্মীয় আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পুরোহিতরা।




















