সুনামগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুশল রাজ পাল।
আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের ইস্কন প্রধান রাধেশ্যাম প্রভু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, সুনামগঞ্জ জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি নারায়ণ চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরাঙ্গ পদ দাস, সিলেট এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি কলি তালুকদার আরতি এবং পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিমান রায় প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ( সার্কেল) চাতক চাকমা, ওসি রতন সেখ,
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার, পূজা ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ এবং পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি বিমল বণিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম ধাপে শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় আলোচনা সভা এবং দুপুর ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আলফাত স্কয়ারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তিনটি গ্রুপে বিভক্ত করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ও শনিবার এসব কর্মসূচি চলবে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, জন্মাষ্টমীর তাৎপর্য ও ধর্মীয় মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরাই এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ছিলেন ডিবি পুলিশ, র্যাব এবং সদর মডেল থানার ওসি রতন সেখ সহ পুলিশের একটি বিশেষ টিম।
অনুষ্ঠান শেষে সদর মডেল থানার ওসি রতন সেখ বলেন,
আজকে জন্মাষ্টমী। এই উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ সকল কর্মসূচী যাতে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে করতে পারে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করেছি।এখানে আমি নিজে ছিলাম, আমাদের পুলিশ সদস্যরা ছিল, ডিবি পুলিশ কাজ করেছে। আমাদের এসপি স্যার সার্বক্ষণিক তদারকি করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন বলেই আমরা আজকের অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি।























