ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির মারামারির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে ইসলামী ছাত্রশিবিরের হল সেক্রেটারি কাজী জুহায়েরকে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আলীনুর রহমানের থাপ্পড় মারার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৫ সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান হলের দুইজন ছাত্রের মধ্যে সংঘঠিত ঘটনার জন্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ এবং ফলিত রাসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। উক্ত কমিটি সুষ্ঠু তদন্ত করে আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
এর আগে, আজ দুপুরে হল শিবিরের নেতাকে ছাত্রদল নেতার মারধরের ঘটনায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রদল-ছাত্রশিবির এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাপাতি ও জিআই পাইপ, গাছের ডাল দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস গেটে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।

























