চরভদ্রাসনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ফরিদপুরের চরভদ্রাসনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চরভদ্রাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. ইয়াহিয়া।
আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় দৌড়, সাঁতার, হ্যান্ডবল, ভলিবল ও দাবা—এই পাঁচটি শাখায় বালক ও বালিকাদের অংশগ্রহণে প্রায় ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


























