চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ ডাকাত গ্রেপ্তার, গিয়াস হত্যা মামলার প্রধান আসামি
২৫ মামলার আসামি তৌহিদ; লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার উদ্ধার, অপরাধলব্ধ সম্পদের অনুসন্ধানে পুলিশ।
কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের কথিত সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকরিয়ার বহুল আলোচিত গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জেলার একাধিক থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, চুরি, ছিনতাই ও মাদকসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, বিদেশি ইমিটেশনের তিনটি গোল্ডেন কালারের চেইনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ নভেম্বর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্টিলের আলমারি ভেঙে প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, তিনটি বিদেশি ইমিটেশনের চেইন এবং একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় পারভেজ মোশাররফ বাদী হয়ে তৌহিদুল ইসলামসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। এ ঘটনায় ২৫ নভেম্বর মামলা নম্বর ৩১/২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ১২ নভেম্বর একই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্র, ধারালো দা, লোহার হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করা হয়। ডাকাতেরা তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা, লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আলী আকবর (৫৯) বাদী হয়ে মামলা করেন।
গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৌহিদ ডাকাত ও তাঁর সহযোগীদের সঙ্গে চকরিয়ার আলোচিত গিয়াস উদ্দিনের বিরোধ ছিল। এর আগে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে গিয়াস উদ্দিন একটি মামলা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি করেছিলেন বলে জানানো হয়।
২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনকে একটি গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে তাঁকে মারধর ও মাথায় আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তী সময়ে মাতামুহুরী সেতুর ওপর তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে তৌহিদসহ অন্যদের বিরুদ্ধে হত্যা ও অপহরণের মামলা করেন। ওই মামলায় তৌহিদকে এজাহারনামীয় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
৪০-৫০ সদস্যের ডাকাত বাহিনীর নেতৃত্বের অভিযোগ
পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের বরাতে জানানো হয়েছে, তৌহিদ দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি অপরাধী চক্র সক্রিয় থাকার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
পুলিশের দাবি, ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানের তথ্য আগেভাগে জানতে তাঁর একটি তথ্যদাতা চক্র সক্রিয় ছিল। এ ছাড়া ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন স্থানে সম্পদ গড়ে তোলার অভিযোগও পাওয়া গেছে।
প্রাথমিক অনুসন্ধানে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির তথ্য পেয়েছে পুলিশ। পাশাপাশি চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তৌহিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী, চান্দগাঁও ও বাকলিয়া; চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও লোহাগাড়া; বান্দরবানের লামা এবং কক্সবাজারের সদর, রামু, ঈদগাঁও ও চকরিয়াসহ বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চকরিয়া থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল।
পুলিশের বক্তব্য
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তবে তৌহিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

























