নড়াইলে বিদ্যুৎ বিল দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত
নড়াইলের লোহাগড়ায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসলাম শেখ(৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর কবরস্থানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ডাঙ্গা বাতাসি গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মো. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার রহমান এবং একই গ্রামের কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সমর্থিত টিপু সুলতান সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে দু’দলের সমর্থকেরা কয়েকদফায় দেশিয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সবশেষ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বিএনপি নেতা সমর্থিত ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর গ্রামের কবরস্থানে পৌঁছালে টিপু সুলতান সমর্থিতরা অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত ইসলামের আহত অবস্থার খবর টিপু সুলতান নিজেই ভুক্তভোগীর বাড়িতে পৌঁছে দেন। খবর পেয়ে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ছড়িয়ে পড়ার পর দু’পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।





















