মহাদেবপুরে ডিবির মাদকবিরোধী অভিযান৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেপ্তার
নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় ১০ অক্টোবর ২০২৬ রাতে মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে হোসেনপুর গ্রামের ইমন হোসেনের বাড়ির উত্তর পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজনসহ সন্দেহজনক অবস্থায় থাকা চারজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৪০ পাতায় মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ছিল ১০টি করে ট্যাবলেট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. সোহাগ হোসেন (২৮), রাইগা, মহাদেবপুর।
২. রনি হাসান (২০), কৃষ্ণপুর হঠাৎপাড়া, মহাদেবপুর।
৩. জুয়েল (৩৬), দক্ষিণ হোসেনপুর, মহাদেবপুর।
৪. রুবেল হোসেন (৩০), দক্ষিণ হোসেনপুর, মহাদেবপুর।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হোসেন অন্যদের সহযোগিতায় বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক প্রতিরোধে জেলায় অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে তথ্য ও সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


























