গোপালপুরে মাদক সেবনের দায়ে আরেক যুবকের ১ মাস ১৫ দিনের কারাদণ্ড
টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. রিপন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদক সেবনের দায়ে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গোপালপুর উপজেলার সূতি দিঘুলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপালপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন গোপালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানে মাদক সেবনের দায়ে রিপনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রিপনকে পরবর্তীতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রিপন গোপালপুর উপজেলার সূতি দিঘুলিপাড়া এলাকার মো. লাল মিয়ার ছেলে।
জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

























