ঠাকুরগাঁও এর লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ বিভিন্ন প্রাচীন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি
ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ বিভিন্ন প্রাচীন সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি এবং ২২ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া প্রাচীন আমলের দুটি খালি মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের প্রায় ২০০ বছরের পুরোনো দুটি স্ট্যাম্প এবং একটি শঙ্খ পাওয়া যায়।
উদ্ধার করা কষ্টিপাথরের সামগ্রীর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। সামগ্রীগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৫০ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে বিজিবি। সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

























