নতুন পে-স্কেলের গেজেট নিয়ে অনিশ্চয়তা
মন্ত্রিসভায় অনুমোদনের পর ১০ দিন পেরিয়ে গেলেও জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট এখনো প্রকাশিত হয়নি। গত ৩১ আগস্ট নতুন বেতনকাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট জারি করার কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে। ফলে নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নতুন পে-স্কেলে মূল বেতন কত নির্ধারণ করা হবে, কোন ভাতা কখন থেকে কার্যকর হবে এবং বকেয়া বেতন-ভাতা কীভাবে হিসাব করা হবে—এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করার কাজ চলছে।
তবে অর্থ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু অর্থ বিভাগ শেষ পর্যন্ত সেই দাবিতে সম্মত হয়নি। এ বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন ও ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট জটিলতার সমাধান না হওয়ায় গেজেট প্রকাশের বিষয়টি কঠিন হয়ে পড়েছে।
এদিকে, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু না বলায় গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গেজেট প্রকাশের আগে বিভিন্ন খসড়া কিংবা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নতুন বেতন নির্ধারণের সুযোগ নেই। তাই চূড়ান্ত বেতন, ভাতা ও বকেয়া পাওনার হিসাব জানতে সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
























