বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এমপি রেজাউল করিম বাদশা
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এর অংশ হিসেবে বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিএনসিসি ও স্কাউট সদস্যরা।
দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন মাসব্যাপী এ অভিযানে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান। বিশেষ করে দীর্ঘদিন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টব ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরও পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বগুড়ায় এর আগেও ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি নগরবাসীকে নিয়মিত নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।


























