পঞ্চগড়ে আওয়ামী লীগকে ডা. জাহিদের চ্যালেঞ্জ: ‘সৎ সাহস থাকলে আদালতে আসুন’
পঞ্চগড়ে আওয়ামী লীগের উদ্দেশে কড়া বক্তব্য দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করেন না তারা। রাজনৈতিক বিরোধ বা মতপার্থক্য থাকলে পালিয়ে না গিয়ে দেশের আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।’
বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, যারা গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতি ও অনিয়ম করেছে, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে। বাংলাদেশের মাটিতেই এসব কর্মকাণ্ডের হিসাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিজেদের নির্দোষ প্রমাণের জন্য আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উসকানি ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি ‘মব কালচার’ সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার বিষয়েও সতর্ক করেন। তাঁর ভাষ্য, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের মাটিতে থেকেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে। এ সময় দলের বহু নেতা-কর্মী গুম, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভেঙে দেওয়া সম্ভব হয়নি। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতা-কর্মীরা মাঠে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
এর আগে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভার একপর্যায়ে এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, অতীতের কর্মকাণ্ডের জবাবদিহি এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।



























