টিসিবির তালিকা থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগী তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, পণ্য সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে এখনো বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। তবে ভর্তুকির মাধ্যমে টিসিবির কার্যক্রম পরিচালনা দেশের মানুষের জন্য উপকারী হবে বলে মনে করেন তিনি।
টিসিবির কার্ড ডিজিটাল করার ফলে বছরে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, কার্ড হারালেও বা নষ্ট হলেও যাতে প্রকৃত সুবিধাভোগীরা পণ্য পাওয়া থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থা করা হবে। ডিজিটাল পদ্ধতিতে এ সেবা আরও সহজ করা হবে।
ডিলার নিয়োগের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।
তিনি বলেন, কর্মসংস্থানের অভাব রয়েছে বলেই সব আবেদনকারীকে ডিলার বানিয়ে দেওয়া সম্ভব নয়। কোনো খাতেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া সম্ভব নয়।



























