জুম চাষের নির্ভরতা কমাতে পাহাড়ে কফি চাষে বিশেষ তহবিল: পার্বত্য মন্ত্রী সাঁচিং প্রু জেরি
পাহাড়ের কৃষকদের স্বাবলম্বী করা এবং জুম চাষের ওপর নির্ভরতা কমাতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে ঘূর্ণায়মান তহবিল (রিভলভিং ফান্ড) চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
তিনি বলেন, এ তহবিলের মাধ্যমে পাহাড়ের চাষিরা দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে ঋণমুক্ত হয়ে স্বাবলম্বী হয়ে উঠবেন। একই সঙ্গে আগামী এক দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েকশ কোটি টাকা জমা হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘূর্ণায়মান তহবিলের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, এককালীন অনুদান বা ত্রাণনির্ভর সহায়তার পরিবর্তে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে ফেরতযোগ্য তহবিল গঠন করা হবে। এ ক্ষেত্রে নির্ধারিত নীতিমালার আলোকে আগ্রহী ও প্রতিশ্রুতিশীল চাষিদের নির্বাচন করা হবে।
তিনি জানান, কফি চাষের জন্য ছায়াযুক্ত পরিবেশ প্রয়োজন। এ কারণে আমবাগান বা কলাবাগানের মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি একর জমিতে প্রায় ১ হাজার ১৫০টি কফির চারা রোপণ করা সম্ভব। মে ও জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। চাষিদের প্রথম তিন বছর সমন্বিত সহায়তা দেওয়া হবে। রোপণের তিন বছর পর ফলন আসতে শুরু করলে পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে পারবেন তাঁরা।
জুম চাষের পর জমি ফেলে রেখে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা পরিবর্তনের আহ্বান জানিয়ে সাচিং প্রু বলেন, পাহাড়ের জমিকে দীর্ঘমেয়াদি উৎপাদনের আওতায় আনতে হবে। একটি কফিগাছ ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফলে একটি গাছ দুই থেকে তিন প্রজন্মের আয়ের উৎস হতে পারে।
পাহাড়ে কফি চাষের সম্ভাবনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বান্দরবানের রুমা উপজেলার সোমশং এলাকায় ৪০ থেকে ৫০ বছর বয়সী গাছ থেকেও বর্তমানে প্রতিটি গাছে ১৫ থেকে ২০ কেজি কফি পাওয়া যাচ্ছে। খাগড়াছড়িতেও এ ধরনের পুরোনো কফিগাছের নজির রয়েছে। অন্যদিকে, গত বছর শুধু থানচি উপজেলাতেই ২৫ হাজার মণ কাজুবাদাম উৎপাদিত হয়েছে। এসব উদাহরণ পাহাড়ের কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি স্পষ্ট করে।
মন্ত্রী বলেন, পাহাড়ের অনুর্বর ও অনাবাদি জমিগুলোকে কীভাবে উৎপাদনশীল করা যায়, তা নিয়ে পরিকল্পনা ও ভাবনাচিন্তা চলছে। একই সঙ্গে বৈষম্যমুক্ত উন্নয়ন নিশ্চিত করতে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনার ধারাবাহিকতায় এ বোর্ড গঠিত হয়েছিল। তিন পার্বত্য জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে পার্বত্য জেলা পরিষদগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বোর্ডের ঐতিহ্যবাহী বাজেট বরাদ্দ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























