আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ধামইরহাটের রাবেতা বিনতে রমজান
নওগাঁর ধামইরহাট উপজেলার পলাশবাড়ী গ্রামের কৃতি সন্তান ও বায়োটেক কোম্পানির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. রমজান আলীর সন্তান রাবেতা বিনতে রমজান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে। তার এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে রাবেতা বিনতে রমজান ধামইরহাট তথা নওগাঁর জন্য গৌরব বয়ে এনেছে।
রাবেতার অসাধারণ এই অর্জনে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা রাবেতার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও বড় সাফল্য কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাবেতার এই অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতেও কোরআনের শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে সে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা পরিবারের।
রাবেতা বিনতে রমজানের এই আন্তর্জাতিক সাফল্য ধামইরহাটের নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কোরআন শিক্ষা ও হিফজের প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।


























