গফরগাঁওয়ে কিশোর ছেলেকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোর ছেলেকে ভয় দেখিয়ে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। একই ঘটনায় ওই নারীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর মছলন্দ কালিবাড়ির চর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। তিনি কিশোর ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।
অভিযোগে বলা হয়, ঘটনার রাতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় কিশোর ছেলেকে ভয় দেখিয়ে ঘরের বাইরে আটকে রাখা হয়। পরে কয়েকজন ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আরিফ হোসেন, শরিফ মিয়া, রাজিব মিয়া, ফাহিম ও এনামুলসহ কয়েকজনের নাম উল্লেখ করে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগে উত্থাপিত ধর্ষণ ও লুটপাটের ঘটনাগুলোর পূর্ণাঙ্গ সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।



























