ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, মেটার সঙ্গে তাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে খুবই আগ্রহী।
শামা ওবায়েদ বলেন, ‘তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে, কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি।’
বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটার সহযোগিতার বিষয়েও কথা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেটার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানান শামা ওবায়েদ।


























