মঠবাড়িয়ায় ইয়াবা সেবনরত ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৪
পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার রাতে ১১ টার দিকে ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে তিনটি ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটা উপজেলার মো. জসিম উদ্দিন ও মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন। তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সম্পূর্ণ সোচ্চার এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়ের হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দন্ডপ্রাপ্তদের আজ জেল হাজতে প্রেরণ করা হবে।
এস এম আকাশ
মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি


























