সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প-কুটিরশিল্পের পরিকল্পনা
নাটোরের সিংড়া উপজেলার ১১ নম্বর ছাতারদিঘী ইউনিয়নে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শামসুল আলম মামুন। অনুষ্ঠানে তিনি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন, নাগরিক সেবা, মাদক-জুয়া প্রতিরোধ, রাস্তাঘাট উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) আয়োজনে এ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শামসুল আলম মামুন কালিগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়ে তাদের মতামত শোনেন।
‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শামসুল আলম মামুন বলেন, তিনি আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও জুয়া বন্ধে কার্যকর উদ্যোগ নেবেন। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হস্তশিল্প, কুটিরশিল্প ও টেইলারিংসহ বিভিন্ন ধরনের কর্মসংস্থানমূলক কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর।
শামসুল আলম মামুন বলেন, এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং তরুণ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ইউনিয়নের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা, মাদক ও জুয়া প্রতিরোধ, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।
যাঁরা ছিলেন ‘আলাপন’ অনুষ্ঠানে
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও শিফাত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC) আয়োজিত ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ের সম্ভাব্য জনপ্রতিনিধিদের সাংবাদিকদের মুখোমুখি করা হচ্ছে। এর মাধ্যমে এলাকার সমস্যা, উন্নয়ন ভাবনা, নাগরিক অধিকার, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসম্পৃক্ততার বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।























