বিজিবির ৯ মাসের অভিযানে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাই পণ্য জব্দ
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের অভিযানে গত নয় মাসে প্রায় ৯৩১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এসব তথ্য জানান।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় থাকা ২১১টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে গত নয় মাসে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১১টি পিস্তল, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।
এ ছাড়া ৩ লাখ ১২ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ হাজার ৮০০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, এসব অভিযানে চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধেও সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।


























