অধ্যাপক সাইফুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কবি নজরুল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সাইফুর রহমানের অবসরজনিত বিদায় (পিআরএল) সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক সাইফুর রহমানকে ফুল, ক্রেস্ট ও অন্যান্য উপহারসামগ্রী দিয়ে বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক সাইফুর রহমানের কর্মজীবন ও বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। শিক্ষার্থী ও তার সহকর্মীরা তার সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা তার অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এস এ সাদী মোহাম্মদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উক্ত বিভাগের শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফারসের নেতৃবৃন্দসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
























