ইবি ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে সরকারের ৬ মাসের অর্জনের আলোকপাত
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও উদ্যোগের তথ্য সম্বলিত বিলবোর্ড ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপন করা বিলবোর্ডে সরকারের প্রথম ছয় মাসের ‘উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শিরোনামে ৩১টি বিষয় তুলে ধরেছে শাখা ছাত্রদল। এতে বৈদেশিক ঋণ পরিশোধ, ভোলায় বিদ্যুৎ ও সার কারখানা স্থাপনের উদ্যোগ, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো, খাল খনন, চীনা বিনিয়োগ, মালয়েশিয়ায় শ্রমবাজার, বনায়ন কর্মসূচি, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারী শিক্ষা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসে বিভিন্ন স্থানে বিলবোর্ডে তুলে ধরা উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ, ভোলায় ৫০০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা স্থাপনের উদ্যোগ এবং দেশের আট বিভাগীয় শহরে ১৫টি ক্যানসার, হৃদরোগ ও কিডনি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা। এছাড়া চীন থেকে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ সংগ্রহ, মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তের উদ্যোগ, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় কূটনৈতিক অগ্রগতির কথাও উল্লেখ করা হয়েছে।
সামাজিক সুরক্ষা ও জনকল্যাণের ক্ষেত্রে প্রাথমিক থেকে অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ, নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন পরিশোধ এবং সরকারি খাদ্যগুদামে খাদ্যশস্য মজুদের বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য হেলথ কার্ড, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, চা-বাগান শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা ও ই-টোল চালু, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দর আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগের কথাও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “সরকারের প্রথম ছয় মাসে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অবহিত করতেই আমরা ক্যাম্পাসে বিলবোর্ড স্থাপন ও অনলাইন প্রচারণার উদ্যোগ নিয়েছি। বিলবোর্ডে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা দেশের সামগ্রিক উন্নয়ন ও সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে তথ্যভিত্তিকভাবে জানতে পারুক। একই সঙ্গে এসব উদ্যোগের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়েও জনগণের সামনে স্বচ্ছ তথ্য থাকা প্রয়োজন।”
আকিব হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয়




















