শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর দায়ের করা এফআইআর নং-২৩, জিআর নং-৩০২ মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে। এ মামলায় এর আগেও শার্শায় একাধিক আসামিকে গ্রেপ্তারের তথ্য প্রকাশিত হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—নজরুল ইসলাম (৬০), পিতা মৃত মতলেব, সাং শ্যামলাগাছি; জসিম উদ্দিন (৫৫), পিতা মৃত সামছুদ্দিন মোল্লা, সাং দীঘা চালিতাবাড়ীয়া; এবং আবুল কালাম (৬০), পিতা মৃত আব্দুল মজিদ, সাং রঘুনাথপুর, থানা ঝিকরগাছা, যশোর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নজরুল ইসলামকে ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে, জসিম উদ্দিনকে ১ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে এবং আবুল কালামকে ১ অক্টোবর সকাল ৬টা ৫০ মিনিটে শার্শার যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নজরুল ইসলাম শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দিন কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য।
গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার ১ অক্টোবর যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন ভঙ্গের সঙ্গে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





















