সাত মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। উত্তম রায় উপজেলার কদু বর্মণের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কিশোরীর বাবা ঢাকায় কর্মরত থাকায় সে মা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে থাকত। মা ও ভাই বিভিন্ন কাজে বাইরে থাকার সুযোগে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির কাছে ভুট্টাখেতে গেলে ধারালো অস্ত্র দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে ১৬ ফেব্রুয়ারি সকালে পাশের একটি পাটখেতে নিয়ে একইভাবে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাগুলো প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়ায় আতঙ্কে কিশোরী বিষয়টি দীর্ঘদিন গোপন রাখে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন নজরে আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হলে তার গর্ভধারণের বিষয়টি জানা যায় এবং চিকিৎসকেরা তাকে প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী তাদের কাছে ঘটনাটি প্রকাশ করে। এরপর তার বাবা থানায় মামলা করেন।
পুলিশ মামলার পর অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

























