সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৩ জন আটক, কারাদণ্ড
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সদর থানাধীন ইব্রাহীমপুর, মইনপুর, হালুয়ারগাঁও ও হালুয়ারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
আটকরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মহিনপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) এবং ইব্রাহীমপুর গ্রামের ফজল হকের ছেলে মো. সাজিদ মিয়া (২৫)।
অভিযানকালে সাইফুল ইসলাম ও জুয়েল মিয়ার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং সাজিদ মিয়ার কাছ থেকে কমলা বর্ণের ৪ পিস ও সবুজ বর্ণের ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্ট সাইফুল ইসলাম ও জুয়েল মিয়াকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং সাজিদ মিয়াকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তিন আসামির কাছ থেকে মোট ২২০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন মোবাইল কোর্ট।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।























