ভারতে পাচারের আগেই বিজিবির অভিযান, পাঁচবিবিতে মূর্তিসহ আটক ২
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির পাশাপাশি পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।
অভিযানে উদ্ধার হওয়া তিনটি কষ্টিপাথরের মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।
উদ্ধার হওয়া মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরবর্তী সময়ে সংরক্ষণের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

























