হরিপুরে পানিতে ডুবে মামা ভাগিনার মর্মান্তিক মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে আজ রবিবার (২৫ অক্টোবর) রাত ১টার মধ্যে উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের পরিষদ সংলগ্ন ‘উদয় সাগর’ নামক পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে মিরাজ (১২) এবং হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আবদুল ওহাব সরকারের ছেলে রনক সরকার ওরফে ওমর আলী (১৫)। সম্পর্কে তারা মামা-ভাগিনা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজ এক সপ্তাহ আগে হরিপুরে তার নানা কুদ্দুস সরকারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুর ২টার দিকে বাবার সঙ্গে পুকুরপাড়ে গিয়ে সে মাছের খাবার দেওয়ার কাজে ব্যবহৃত ড্রামের নৌকায় ওঠার বায়না ধরে। বাবা বারণ করে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। তবে বিকেল ৩টার দিকে সবার অগোচরে মিরাজ তার মামা রনককে নিয়ে পুনরায় পুকুরে যায়। একপর্যায়ে তারা ড্রামের নৌকায় করে পুকুরের মাঝখানে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।
সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে রনকের ব্যবহৃত বাইসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একই পরিবারের দুজনের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে বইছে।





















