শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক রাজস্ব সভা (অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি খাসজমি সংরক্ষণ ও পুনরুদ্ধারসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমিসেবা আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সভায় ভূমি ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য ভূমিসেবা সহজ ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
























