কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা
নড়াইলের কালিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজভেদে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। উপজেলার পাঁচটি কলেজের ফলাফলে সামগ্রিকভাবে হতাশাজনক চিত্র উঠে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজে ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ জন। মুনশী মানিক মিয়া কলেজে ২৮৭ জনের মধ্যে পাস করেছে ৮৭ জন। হাবিবুল আলম বীরপ্রতিক কলেজে ১৬৬ জনের মধ্যে পাস করেছে ৪৯ জন। মনোরঞ্জন কাপুড়িয়া কলেজে ১১৫ জনের মধ্যে পাস করেছে ৩৭ জন এবং নড়াগাতী কলেজে ৭৭ জনের মধ্যে পাস করেছে মাত্র ১৬ জন।
পাসের সংখ্যার ভিত্তিতে মনোরঞ্জন কাপুড়িয়া কলেজে ৩২ দশমিক ১৭ শতাংশ, মুন্সী মানিক মিয়া কলেজে ৩০ দশমিক ৩১ শতাংশ, হাবিবুল আলম বীরপ্রতিক কলেজে ২৯ দশমিক ৫২ শতাংশ, সরকারি শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজে ২৬ দশমিক ৩৭ শতাংশ এবং নড়াগাতী কলেজে ২০ দশমিক ৭৮ শতাংশ পাস করেছে। এসব কলেজের মধ্যে নড়াগাতী কলেজে পাসের হার সর্বনিম্ন। হাবিবুল আলম বীরপ্রতিক, মনোরঞ্জন কাপুড়িয়া ও নড়াগাতী কলেজে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
বিশেষ দ্রষ্টব্য: ছবিতে উল্লেখিত কয়েকটি পাসের হারের সঙ্গে পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যার হিসাবের অমিল রয়েছে। সংবাদে উত্তীর্ণের সংখ্যার ভিত্তিতে পাসের হার পুনরায় হিসাব করে দেওয়া হয়েছে।
















