সাজেকে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনসমৃদ্ধ সাজেকে আগামী ৪ ও ৫ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজেকের পর্যটন সড়ক সচল রাখা এবং পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১, ১৫ ও ২২-৩১ অক্টোবরের টানা অবরোধ এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধের কারণে সাজেকের পর্যটন সড়ক, স্থানীয় পর্যটনশিল্প ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এর ফলে পর্যটন ব্যবসায়ী, যানবাহন মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে জীবিকা ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন পাহাড়ের সাধারণ মানুষ।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলো অস্ত্রশক্তি ও জরিমানার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে অবরোধ পালনে বাধ্য করছে। বিশেষ করে নারী ও শিশু-কিশোরদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও তুলে ধরে সংগঠনটি। তাদের দাবি, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মতো কর্মকাণ্ডের কারণে অঞ্চলটির পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত ১ নভেম্বর সাজেক সড়কে অবরোধ পালনের পর স্থানীয় জনগণের দুর্ভোগ বিবেচনায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের অবরোধ প্রত্যাহারের প্রত্যাশা ছিল। কিন্তু অবরোধ প্রত্যাহার না করে তা অব্যাহত রাখায় নতুন করে ৪৮ ঘণ্টার কর্মসূনচি ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভবিষ্যতে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
তবে অবরোধ চলাকালে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসাসামগ্রী, গণমাধ্যম ও জরুরি খাদ্যদ্রব্য বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমা।
























