নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নাগেশ্বরীতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি সফলভাবে পালনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—আলোচনা সভা, দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার বিশেষ উদ্যোগ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দীন বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করতে হলে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত কর্মসূচিগুলো সফল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো পরিদর্শক/কর্মকর্তা মো. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুরজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম রসুল রাজাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে আগামী ৭ নভেম্বর নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
























