মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২।
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা বাজার এলাকায় পরমতলা-সেপারা সড়কের সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মো. সুমন মিয়া (২৬) ও মো. সিয়াম (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার পরমতলা গ্রামের গিয়াস উদ্দিন লিটনের ছেলে। অপর আসামি সিয়াম সিদ্বেশ্বরী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















