বেরোবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নবম বাংলাদেশ মার্কেটিং দিবস’ উদযাপিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মার্কেটিং বিভাগের আয়োজন এবং ‘মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ’ (এমআইবি)-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে ‘নবম বাংলাদেশ মার্কেটিং দিবস’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় এক বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ মার্কেটিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক বলেন, “সারাদেশে মার্কেটিং পেশার সাথে জড়িত ব্যক্তিদের মূল সংগঠন ‘এমআইবি’-এর উদ্যোগে আগামী ৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে দিবসটি উদযাপিত হবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা একদিন আগেই এটি পালন করছি। আজকের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য, কারণ তারাই ভবিষ্যতে এ পেশার কাণ্ডারী হবে।”
মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জাহিদ হোসেন বলেন, “এমআইবি-এর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের চমৎকার উদ্যোগে এই দিবসটি পালনের সূচনা হয়েছিল, যা এখন আমাদের জন্য এক বিশেষ দিন। তবে এই আয়োজন কেবল উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য হলো প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মার্কেটিং খাতকে সমৃদ্ধ করা এবং এ শিল্পে ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিদের সাথে অ্যাকাডেমিক সমন্বয় গড়ে তোলা।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “বাংলাদেশে নবমবারের মতো মার্কেটিং দিবস উদযাপিত হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমার মতে, এই আয়োজন আরও ব্যাপকভাবে হওয়া উচিত। আজকের দিনে আমার আহ্বান থাকবে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং সংশ্লিষ্ট সবাইকে এক ছাতার নিচে এনে যেন এই দিনটি জাতীয় পর্যায়ে পালন করা যায়।”
উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মার্কেটিং ও সেলস পেশার সঙ্গে জড়িত থাকলেও ২০১৮ সালের পূর্বে তাদের কোনো একক জাতীয় প্ল্যাটফর্ম বা নির্দিষ্ট পেশাগত দিবস ছিল না। এই পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দিতে এবং ঐক্যবদ্ধ করতে ২০১৮ সালে ‘মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ’ (এমআইবি) প্রথমবারের মতো ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উদযাপনের ঐতিহাসিক সূচনা করে।

























