তানোরে ধানখেতের আইলে অজ্ঞাত ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলায় ধানখেতের আইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, সেচপাম্পের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা এলাকায় একটি গভীর নলকূপের (ডিপ) পাশে ধানখেতের আইলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তাঁর মৃত্যু হতে পারে। মরদেহের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।























