রাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘সিএসই ডে ২০২৬’ উদযাপন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিএসই ডে ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, কেক কাটা, সেমিনার, প্রজেক্ট শোকেসিং, গেমিং প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান আহ্বায়ক ছিলেন ড. সাজিব ত্রিপুরা।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. শফিকুল ইসলাম বলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা শুরু থেকেই জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। প্রোগ্রামিং কনটেস্ট, রোবটিক্স, বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিযোগিতায় তাদের সক্রিয় অংশগ্রহণ বিভাগের অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে আহমেদ ইমতিয়াজ বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও বিভাগের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত সহায়তা আরও সম্প্রসারণ করা গেলে এ বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে সক্ষম হবে। তিনি শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. সাজিব ত্রিপুরা বলেন, বিশ্ববিদ্যালয়টি নবীন হলেও সিএসই বিভাগ শুরু থেকেই বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আসছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড, সায়েন্স ফেয়ার, কম্পিউটার ক্লাব এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের এ অর্জনকে বিভাগের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, সিএসই বিভাগের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর নানা কর্মকাণ্ডেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং সঠিক দিকনির্দেশনা পেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে দিতে সক্ষম হবে।
পরে কেক কাটার মাধ্যমে ‘সিএসই ডে ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্টের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।



























