নড়াইলে হাত-পা বাঁধা অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। নিহতের দু’হাত বাঁধা ছিলো এবং গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে মোল্যার মাঠের পাশে গিরি বেগমের ভবনের ছাদে আজিবার শেখের মরদেহ দেখতে পান ওই বাসার ভাড়াটিয়ারা। পরে স্থানীয় লোকজনদের জানান এবং লোহাগড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।


























