কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টার দিকে একদল নেতাকর্মী কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন। এ সময় তাঁরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন বিভিন্ন স্লোগান দেন।
এ ঘটনার পর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ইব্রাহিম হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে কর্মসূচির একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
একই সময়ে উপজেলার পোনা ও মাজড়া এলাকার মধ্যবর্তী স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন একই সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মহেশপুর রেলওয়ে স্টেশনেও গভীর রাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে।
এদিকে, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

























