বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে ৮ বাংলাদেশি আটক
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে ৮ বাংলাদেশি আটক
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাংলাদেশ-ভারত ও মিয়ানমার ত্রিদেশীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার পদাতিক
সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬)। বান্দরবানের নংরাও মুরং (২৫) ও উনরয় মুরং (৩০)।
বিজিবি জানায়, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে রুমা ব্যাটালিয়নের অধীন দোপানিছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৩৪-সংলগ্ন সীমান্তবর্তী স্থান থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫ গজ ভেতরে অবস্থানকালে বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় আন্তর্জাতিক সীমান্তের এত কাছাকাছি অবস্থান করাকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে আটক করা হয় তাদের।
এসময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রান্নাবান্নার উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, ক্যাম্পিংয়ের উপকরওণ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশ পাসপোর্ট আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় তাদের আটক করা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এসময় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার পদাতিক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ সীমান্ত লঙ্ঘন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।























