পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক; ৫ জনের কারাদণ্ড
পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ৬ দালালকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে আটককৃতদের মধ্যে পাঁচজনকে কারাদণ্ড ও একজনকে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।
আটক ও সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুধেরহাট গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে হাবিল মন্ডল (৬৫), কিসমত প্রতাপপুর গ্রামের মৃত নফসার প্রামাণিকের ছেলে বিপুল প্রামানিক (৪২), আব্দুল বারিকের ছেলে সুজন আলী (৪২), হেমায়েতপুর গ্রামের শহিদুল মালিথার ছেলে জুয়েল মালিথা (৩২), ইউনুস মোল্লার ছেলে ওয়ারেস মোল্লা (৪০) ও আবুল হাশেমের ছেলে হাফিজুর রহমান মাহফুজ (৪০)।
এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৯টার দিকে পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ দালালকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আলীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাবিল মন্ডল, বিপুল প্রামানিক, সুজন আলী, জুয়েল মালিথা ও ওয়ারেস মোল্লাকে ১৫।দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সেইসঙ্গে হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে এনএসআই এর ১২ সদস্যের একটি টিম ছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
























