ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি
বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখা গেছে চীনের শেনজেন শহরে। বুধবার রাতে এক জমকালো নৈশভোজের আগে লালগালিচায় তাঁদের করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শীর্ষ সম্মেলনকে সামনে রেখে তিন নেতার এই একসঙ্গে উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে। বৃহস্পতিবার তাঁদের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পারিবারিক ছবি তোলার আগে ভ্লাদিমির পুতিন এগিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং ও তাঁর স্ত্রী। ট্রাম্প ও পুতিনকে পরস্পরের সঙ্গে উষ্ণভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়। করমর্দনের পাশাপাশি তাঁরা একে অপরের কাঁধে হাত রাখেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ও পুতিনের আর সরাসরি সাক্ষাৎ হয়নি। ফলে শেনজেনে তাঁদের এই সাক্ষাৎ কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এর আগে শেনজেন বিমানবন্দরের রানওয়েতে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান শি জিনপিং। কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের এভাবে স্বাগত জানানোর ঘটনা বেশ বিরল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
অন্যদিকে, চীনে পুতিনকে স্বাগত জানিয়ে শি জিনপিং তাঁকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে অভিহিত করেন। তিন নেতার সম্ভাব্য বৈঠকের আগে চীন ও রাশিয়ার এই ঘনিষ্ঠতাও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে।
বিবিসির রাশিয়া সম্পাদক জানিয়েছেন, রাশিয়ার কয়েকটি স্থানীয় সংবাদপত্র ইতিমধ্যে পুতিনের এই সফরকে তাঁর জন্য ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করছে। তাঁদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমা চাপের মধ্যেও চীনে পুতিনের এই সফর রাশিয়ার কূটনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
উৎপাদন ও উন্নত প্রযুক্তির দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে চীন। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের নেতারা সেখানে উপস্থিত হয়েছেন।
এদিকে, ট্রাম্প ফিলিপাইন সফর শেষে শেনজেনে পৌঁছেছেন। এর আগে তাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়।
বিশ্বের তিন বৃহৎ শক্তির নেতাদের এই উপস্থিতি এবং বৃহস্পতিবারের সম্ভাব্য বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।



























