আক্কেলপুরে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, আলুর বীজ পচে যাওয়ার শঙ্কা
মাঠজুড়ে সোনালি আমন ধান। ফলনও হয়েছিল ভালো। আর কয়েক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকেরা। পাশাপাশি জমিতে রোপণ করেছিলেন আগাম আলু। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ের বৃষ্টিতে ধান ও আলু উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে পাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কেটে রাখা ধান জমিতেই ভিজে আছে। অন্যদিকে, জমিতে রোপণ করা আগাম আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকেরা।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া বৃষ্টিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত শুক্রবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ভিজে গেছে। বৃষ্টির কারণে দ্রুত পাকা ধান ঘরে তোলার প্রয়োজন হলেও ভেজা জমিতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শনিবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অনেক জমির পাকা আমন ধান বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কেটে রাখা ধান জমিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ভেজা মাটিতে পড়ে থাকা ধানের শিষ ও খড় দেখে বোঝা যায়, দ্রুত ফসল ঘরে তুলতে না পারলে লোকসানের ঝুঁকি বাড়বে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে প্রায় ১০০ হেক্টর জমির আমন ধান হেলে পড়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর আলুর জমিতে বৃষ্টির পানি জমেছে। এসব জমি থেকে পানি নিষ্কাশনের কাজ চলছে।কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আক্কেলপুরে ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জিরাশাইল, কাটারি, স্বর্ণা-৫, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯৩ ও ব্রি ধান-১০৩, বিনা ধান-১৭ এবং ব্র্যাক-১৮ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকরা।
রাজকান্দা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এবার আট বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলাম। আবহাওয়ার পূর্বাভাস শুনে তিন বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছি। কিন্তু ঘরে তুলতে পারিনি। অন্য পাঁচ বিঘা জমির ধান বৃষ্টিতে নুয়ে পড়েছে। ফলন ভালো হয়েছিল। এখন বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে।’
আলুচাষি লোকমান আলী বলেন, ‘তিন বিঘা জমিতে দুই দিন আগে আগাম আলু রোপণ করেছি। কিন্তু অসময়ের বৃষ্টিতে বীজ পচে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জমে থাকা পানি নিষ্কাশন করেছি। তবে মাটি বেশিদিন ভেজা থাকলে বীজ পচে গাছ নাও গজাতে পারে। নতুন করে আলু লাগাতে হলে বাড়তি খরচ হবে। তাই দুশ্চিন্তায় আছি।’
কৃষি বিভাগের আশঙ্কা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে হেলে পড়া ধানের শিষ থেকে পাঁচ-ছয় দিনের মধ্যে নতুন চারা গজাতে পারে। এতে ধানের গুণগত মান ও ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে, আলুর জমিতে পানি জমে থাকলে বীজ পচে যেতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যে এর প্রভাব বোঝা যেতে পারে। বীজ নষ্ট হলে নতুন করে আলু রোপণ করতে হবে। এতে বাড়তি খরচের পাশাপাশি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের নিবিড় পরিচর্যায় আমনের ফলন ভালো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু কৃষক ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে।
























