ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ আজ
রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করেছে দলটি। এ ছাড়া ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে একই কর্মসূচি পালন করা হবে।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নাশকতাবিরোধী সমাবেশ, সরকারের ব্যর্থতার প্রতিবাদ, আলোচনা সভা, বিজয় র্যালি, রক্তদান ও চিকিৎসাসেবা কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে জামায়াত। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও লোডশেডিং এবং গণভোটের রায় কার্যকর না করে বিরোধী দলকে পাশ কাটিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই তাদের বড় শক্তি।সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ে যে ইস্যুতে দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার বাস্তবায়নে সরকারকে আগে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এক মঞ্চে আসতে হলে জুলাইয়ে ঐক্যবদ্ধ হওয়ার পেছনের কারণগুলোর সমাধান করতে হবে।
জামায়াতের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৬ নভেম্বর দেশের সব জেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করবে দলটি। ৩০ নভেম্বর দেশের সব জেলা ও থানায় নাশকতা রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় আইনজীবীদের আলোচনা সভা এবং ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে।
কর্মসূচির অংশ হিসেবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর জিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় র্যালি করবে দলটি। ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের আলোচনা সভা হবে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা কর্মসূচি পালন করবে জামায়াত।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।























