হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ৭৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।এদিকে, একই সময়ে দেশে নতুন করে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৩৬ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে।
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর এ পরিসংখ্যান শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
























