নতুন বছরের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, চুক্তি না হলে সামরিক অভিযান
তেহরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ইরানের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতা না হলে আগামী ইংরেজি নববর্ষের পর দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকলেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ইরানের নৌবাহিনী ও জাহাজের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে সমঝোতার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তিনি সন্তুষ্ট নন। আলোচনা ব্যর্থ হলে নতুন বছরের পর সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়ে তিনি আগ্রহী।
ইরানি আলোচকদের সমালোচনা করে ট্রাম্প তাঁদের ‘প্রফেশনাল ট্যাপ ড্যান্সার’ হিসেবে আখ্যা দেন। তাঁর অভিযোগ, ইরানের প্রতিনিধিরা শুধু কথা বলছেন, কিন্তু কার্যকর কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না। আলোচনার নামে সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত রয়েছে। অন্যদিকে অবরোধ ঘিরে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। এমনকি অবরোধ অমান্য করে কোনো জাহাজ এগিয়ে এলে সেগুলোতে হামলা চালিয়ে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের ভিডিও দেখার পর আন্দোলনকারীদের উদ্দেশে ট্রাম্প বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের দৃষ্টিতে, কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই অঞ্চলে সংঘাত বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: ফক্স নিউজ, ২২ নভেম্বর ২০২৬।


























