রাশিয়া-এস্তোনিয়া উত্তেজনা চরমে, সরাসরি সংঘাতের হুঁশিয়ারি মস্কোর
রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত বন্ধের পরিকল্পনা এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এস্তোনিয়ার সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড দুই দেশকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছে মস্কো। একই সঙ্গে নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় কঠোর রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের ক্রসিংগুলো বন্ধ করার পরিকল্পনা করেছে এস্তোনিয়া। অন্তত ছয় মাস এ সিদ্ধান্ত কার্যকর রাখার কথা রয়েছে। এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা সংস্থায় অগ্নিসংযোগের চেষ্টা সাজানোর পেছনে রুশ নিরাপত্তা বাহিনী জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
সীমান্ত বন্ধের পরিকল্পনার প্রতিবাদ জানাতে সোমবার মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেওয়া এক বিবৃতিতে মস্কো জানায়, এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড দুই দেশকে সরাসরি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। রাশিয়ার জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।
এ ছাড়া ইউক্রেনকে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো। পাশাপাশি বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ এবং রুশ ভাষার ব্যবহার সীমিত করার উদ্যোগের কথাও উল্লেখ করেছে দেশটি। রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও করেছে রাশিয়া।
তবে ইউক্রেনের সামরিক অভিযানে এস্তোনিয়ার ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে তালিন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো দেশকে সামরিক অভিযান পরিচালনার জন্য এস্তোনিয়ার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়া নিজেদের কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরাতেই রাশিয়া এস্তোনিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।
এদিকে বাল্টিক অঞ্চলের অন্যান্য ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করে আসছে মস্কো। ইউক্রেনীয় ড্রোনকে রাশিয়ার বিরুদ্ধে হামলার জন্য ন্যাটোর আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছে রাশিয়া। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ন্যাটোভুক্ত দেশগুলো। তাদের দাবি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের কারণেই ইউক্রেনীয় ড্রোন ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে।
এমন পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। বার্লিনে দেওয়া এক ভাষণে জোটের মহাসচিব মার্ক রুটে পোল্যান্ড ও এস্তোনিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ন্যাটো। পাশাপাশি জোটের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করা হবে।
রাশিয়া ও এস্তোনিয়ার মধ্যে চলমান এই কূটনৈতিক টানাপোড়েন ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ন্যাটোর সদস্য এস্তোনিয়ার সঙ্গে মস্কোর বিরোধ বাড়তে থাকায় আঞ্চলিক উত্তেজনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

























