বিএনপি নেত্রী খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক ও সার্বিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার শ্রীমঙ্গলে নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রব্বানীর বাসভবনে যান।সাক্ষাৎকালে বিএনপির এই প্রবীণ নেত্রী অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং প্রধানমন্ত্রীকে কিছু পুরোনো ছবি দেখান। আবেগঘন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন। তিনি খালেদা রব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।এ সময় প্রধানমন্ত্রীর সাথে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, খালেদা রব্বানী কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনীত সংসদ সদস্য ছিলেন।
























